রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেলজিয়ামে তীব্র তাপপ্রবাহ ১৫ দিনে ২০০০ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০৩:২২ পিএম

বেলজিয়ামে তীব্র তাপপ্রবাহ ১৫ দিনে ২০০০ মানুষের মৃত্যু

ছবি - সংগৃহীত

চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এই তাপপ্রবাহের কারণে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত মাত্র ১৫ দিনে বেলজিয়ামে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

সিয়েনসানোর তথ্যমতে, তীব্র গরমে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। মৃত্যুসংখ্যার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ ফ্ল্যান্ডার্স।বিবৃতিতে সিয়েনসানো জানিয়েছে, ২০০০ সাল থেকে তারা দেশে তাপপ্রবাহজনিত মৃত্যুর রেকর্ড রাখছে। 

সংস্থাটির গত ২৬ বছরের রেকর্ডের তথ্য অনুযায়ী, এ বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও নানাবিধ শারীরিক জটিলতায় বেলজিয়ামে এত বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হলো।এর আগে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল ২০২০ সালে। ওই বছর দেশটিতে ১ হাজার ৫৫৭ জনের প্রাণহানি হয়েছিল।