রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ১১:৪৪ এএম

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ

ছবি - সংগৃহীত

ইউরোপের প্রথম দেশ হিসেবে পনেরো বছরের কম বয়সি শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদ্যোগেই মূলত এই যুগান্তকারী আইনটি প্রণয়ন করা হয়েছে। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। 

এর পাশাপাশি দেশটির হাইস্কুলগুলোতেও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।আইনটি কার্যকর করতে সামাজিক মাধ্যমগুলোকে বয়স যাচাইয়ের ব্যবস্থা করতে হবে।অনলাইন বুলিং, ক্ষতিকর কনটেন্ট, যৌন শিকারি এবং মানসিক স্বাস্থ্যের ক্রমবর্ধমান ঝুঁকি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তবে শিক্ষাসংশ্লিষ্ট জরুরি ডিজিটাল সেবাগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্রান্সের দেখাদেখি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও স্পেনের মতো দেশগুলোও অনুরূপ পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও আগামী সেপ্টেম্বর মাসে শিশুদের অনলাইন সুরক্ষায় একটি নতুন নীতিমালা ঘোষণা করতে পারে।

এদিকে এই আইন বাস্তবায়ন নিয়ে নানা মহলে সমালোচনাও শুরু হয়েছে। সমালোচকদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা অত্যন্ত কঠিন এবং এতে নাগরিকদের অনলাইন গোপনীয়তার প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী কোম্পানিগুলোর দাবি, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য তারা আগেই বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা চালু করেছে।