সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চুক্তির আশায় ইরানে সম্ভাব্য সামরিক হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৯:৫৭ এএম

চুক্তির আশায় ইরানে সম্ভাব্য সামরিক হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে দ্রুত একটি নতুন চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সংঘাত এড়ানোর ক্ষেত্রে এই কূটনৈতিক সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এই তথ্য জানান।

ট্রাম্প লিখেছেন, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থেই তিনি সামরিক হামলা বাতিলের এই সিদ্ধান্তে একমত হয়েছেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভরশীল বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। এর আগে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে চলতি সপ্তাহের শেষেই ইরানের ওপর বড় ধরনের জোরালো সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা সেই জল্পনার অবসান ঘটিয়েছে।

ওয়াশিংটনের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে তেহরান আগেই হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করলে আঞ্চলিক যেকোনো দেশ ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। এই জটিল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।সংঘাত আরও বৃদ্ধি পেলে যেকোনো মুহূর্তে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি