আগস্ট ১০, ২০২৬, ০৩:১২ পিএম
দিল্লি ও কলকাতার পর এবার সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে তরুণ প্রজন্মের জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে রাজ্যের নতুন বিধানসভা অভিমুখে বিশাল মিছিল নিয়ে এগিয়ে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাঁচীর বিভিন্ন পয়েন্টে পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে তারা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।
বিক্ষোভকারীদের হটাতে পুলিশ জলকামান ব্যবহার করলেও আন্দোলনকারীরা পিছু হটেনি।চাকরির পরীক্ষায় অনিয়মের সঠিক তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইয়ের হাতে অর্পণ করা এবং পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। সরকারের সাথে এ বিষয়ে ইতিপূর্বে তিন দফার বৈঠক ব্যর্থ হওয়ায় তারা পুরোনো বিধানসভা থেকে নতুন বিধানসভা পর্যন্ত শান্তপূর্ণভাবে লংমার্চের ডাক দেন।
ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষার্থী ও অভিভাবক হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে এই কর্মসূচিতে অংশ নেন।প্রাথমিক তথ্য অনুযায়ী, পুলিশের পক্ষ থেকে মিছিলটি আটকে দেওয়ার চেষ্টা করা হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিধানসভা কমপ্লেক্স থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আন্দোলনকারীদের আটকে দেওয়া হলে তারা সড়কেই অবস্থান নেন।
গত আট দিন ধরে অনশনরত ছাত্র নেতা দেবেন্দ্রনাথ একটি অ্যাম্বুলেন্সে চড়ে এই বিক্ষোভে সংহতি জানাতে যোগ দেন।পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা পুনরায় সামনে এগোনোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন