বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

তিন লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ১০:২৮ এএম

তিন লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ নয় হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে সংঘাতপূর্ণ রাখাইন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হলে তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘকাল ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে এই স্বীকৃতি একটি ইতিবাচক ও উল্লেখযোগ্য অগ্রগতি। এর আগে দুই দেশ কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নাগরিকত্ব, নিরাপত্তা এবং মৌলিক অধিকার সংক্রান্ত নানা জটিল উদ্বেগের কারণে বড় কোনো অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। 

বর্তমান সময়ে মিয়ানমার সামরিক বাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান তীব্র সংঘর্ষ সার্বিক পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে।উল্লেখ্য, ২০১৭ সালের সামরিক দমনপীড়নসহ বিভিন্ন সময়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশের কুতুপালং ও অন্যান্য ক্যাম্পে আশ্রয় নিয়ে আছেন। 

পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিনিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছেন অনেকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া নজরদারির মধ্যে মিয়ানমারের এই স্বীকৃতি প্রকৃত প্রত্যাবাসনের পথ কতটুকু সুগম করবে, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।