শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিউইয়র্কে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ও বিজনেস এক্সপো শুরু

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৬:০৫ পিএম

নিউইয়র্কে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ও বিজনেস এক্সপো শুরু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজের ১৯৯ চেম্বার্স স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬। মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসার বিকাশ এবং বৈশ্বিক উদ্যোক্তাদের পারস্পরিক সংযোগ জোরদারে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখছে।

উদ্বোধনী পর্বে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটর কেলি লফলার বলেন, যেকোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ব্যবসা ও তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তিনি উদ্যোক্তাদের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি, ব্যবসার পরিধি বিস্তার এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, সংখ্যায় তুলনামূলক কম হলেও দেশটির বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা ও ব্যবসা খাতে বাংলাদেশি-আমেরিকানদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম, ড. আবুল হুসাম, আবদুস সাত্তার খান, ড. এম. জাহিদ হাসান এবং সৈয়দ জাকি হোসাইনের সাফল্যের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান বাজার এবং বাংলাদেশও মার্কিন পণ্য ও সেবার বাজার প্রসারিত করছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই এক্সপো দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতায় কার্যকর সেতু হিসেবে কাজ করবে। গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে জানান, তাদের সংগঠন গত ২৫ বছর ধরে এই বিজনেস এক্সপো আয়োজন করছে এবং গত পাঁচ বছর ধরে বাংলাদেশ-ইউএস চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করছে। মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল সরাসরি ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের যুক্ত করার লক্ষ্যে আয়োজিত বিজনেস-টু-বিজনেস ম্যাচমেকিং। পাশাপাশি অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড রেমিট্যান্স ফোরাম শীর্ষক সেমিনারে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কৌশলগত সোর্সিং, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও প্রবাসী বিনিয়োগ নিয়ে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে আন্তর্জাতিক বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন মডার্ন প্যাকেজিংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জাকি হোসাইন, অ্যাডভান্স ফার্মাসিউটিক্যালের প্রতিষ্ঠাতা লিয়াকত হোসাইন, ডব্লিউইউএসটি-এর চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুবকর হানিফ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী হেলাল আহমেদ, জিএফবি গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া এবং প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান।