অক্টোবর ১০, ২০২৬, ১২:০৮ পিএম
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে পূর্বঘোষিত রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার আগেই উড়োজাহাজের ভেতর থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে বিমানটি অবতরণের পরপরই ভেতরে প্রবেশ করে তাকে আটক করে পুলিশ। এ সময় দলটির আরও দুই প্রভাবশালী সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও নিজেদের হেফাজতে নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটকের পুরো নাটকীয় দৃশ্যটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দিপকে। দৃশ্যটিতে দেখা যায়, দিল্লি পুলিশের সদস্যরা সরাসরি বিমানের ভেতরে উঠে আসেন। এমন পরিস্থিতিতে সহযাত্রীদের মাঝে তীব্র উত্তেজনা ও অস্বস্তি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে সিজেপি নেতাদের তীব্র বাদানুবাদ শুরু হয়।
অভিজিৎ নারী পুলিশ সদস্যদের উদ্দেশ করে বলেন, অন্য যাত্রীরা বিমান থেকে স্বাভাবিকভাবে নেমে যাওয়ার পরও তাদের আটক করা যেত।
উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "আপনারা আমাদের গ্রেপ্তার করতে পারতেন। আমরা ভয় পাই না।"
এর আগে একই সমাবেশে অংশ নেওয়াকে কেন্দ্র করে আলোচনায় আসেন দেশটির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি। বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত তথ্যে জানা গেছে, শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে নিজের পারিবারিক বাসভবন থেকে তাকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন