অক্টোবর ১০, ২০২৬, ০১:১৭ পিএম
"আপনার চোখকে ভালোবাসুন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল প্রাঙ্গণে এক আলোচনা সভা, বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি এবং দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের ব্যবস্থাপনায় এবং আন্ধেরী হিলফে জার্মানি, অরবিস ইন্টারন্যাশনাল ও গুড পিপলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সদস্য আইনজীবী মেহেরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুস সবুর চৌধুরী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (প্রশাসন) মো. সাজেদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের দৃষ্টিশক্তি তথা চোখ মহান সৃষ্টিকর্তার এক অমূল্য সম্পদ। কর্মক্ষম ও সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত চোখের পরিচর্যা ও চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলেই অন্ধত্ব নিবারণ ও চোখের জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশ্ব দৃষ্টি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক মো. সফিকুল হক ছুটু, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ সুজা-উর-রব চৌধুরী, ডা. মো. লিয়াকত আলী, মো. সাইদু রহমান, মালেকা পারভীন, মো. আফতাব উদ্দীন আহম্মেদ মন্ডল এবং আবুল কালাম মো. জিয়াউল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সমিতির সদস্য সামসুল আলম, চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত শিক্ষক আমিনুল ইসলাম, সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক খৃষ্টিনা মুর্মু এবং শিক্ষার্থী সোয়ান সম্রাট বাবর।
আলোচনা সভার আগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, আইনজীবী মেহেরুল ইসলাম, মো. আব্দুস সবুর চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত ও দূর-দূরান্ত থেকে আগত বিপুলসংখ্যক রোগী এই ক্যাম্পে উপস্থিত হয়ে বিনামূল্যে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন