অক্টোবর ১০, ২০২৬, ০১:১০ পিএম
পবিত্র মক্কা ও মদিনা আক্রান্ত হলে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না এবং সৌদি আরবের অনুরোধে সেখানে তাৎক্ষণিকভাবে সেনা পাঠাতে ঢাকা প্রস্তুত রয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামগ্রিক স্থিতিশীলতা ও শান্তি সুরক্ষায় কাজ করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের জাতীয় সেমিনারে তিনি এই কঠোর কূটনৈতিক অবস্থান ব্যক্ত করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস বা বিজ) যৌথভাবে `শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত` শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ককে কেবল সনাতন শ্রমবাজারের বৃত্তে আটকে রাখলে চলবে না; এই সম্পর্ক বহুমুখীকরণ করা এখন সময়ের জোরালো দাবি। দুই ভ্রাতৃপ্রতিম দেশের দীর্ঘদিনের বোঝাপড়াকে একটি শক্তিশালী অর্থনৈতিক ও সুদূরপ্রসারী কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে।
তিনি জোর দিয়ে উল্লেখ করেন, জ্বালানি তেল, পরিবেশবান্ধব সবুজ জ্বালানি বা গ্রিন এনার্জি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং আধুনিক ওষুধশিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথভাবে কাজ করার সুযোগ দিন দিন প্রসারিত হচ্ছে।
শীর্ষ নেতৃত্বের আসন্ন সফরের ইঙ্গিত দিয়ে হুমায়ুন কবির আরও জানান, খুব শিগগিরই সৌদি আরবে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে রিয়াদ ও ঢাকার মধ্যকার বহুমুখী কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন