সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৬:৫৫ পিএম
লেবাননের ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ অতীতের সকল বিরোধ ভুলে সৌদি আরবের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে চায়। শুক্রবার এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
লেবানন ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার পর এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।২০১৬ সালে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। সম্প্রতি হিজবুল্লাহর ওপর চাপ বাড়ানো হচ্ছিল, বিশেষ করে গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তাদের শীর্ষ নেতা নিহত হওয়ার পর।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাঈম কাসেম তার ভাষণে বলেন, মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ নয়, বরং ইসরায়েলই আসল হুমকি। তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রস্তাব দিয়ে বলেন, "প্রতিরোধের অস্ত্র কেবল ইসরায়েলি শত্রুর দিকেই তাক করা আছে, লেবানন, সৌদি আরব বা অন্য কোনো রাষ্ট্র বা সত্তার দিকে নয়।"
কাসেম মনে করেন, এই সংকটময় পরিস্থিতিতে সব মতপার্থক্য ভুলে একসঙ্গে ইসরায়েলকে মোকাবিলা করা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন যে, হিজবুল্লাহর ওপর চাপ দিলে কেবল ইসরায়েলই লাভবান হবে।
একসময় সৌদি আরব লেবাননে বড় ধরনের বিনিয়োগ করেছিল এবং ২০০৬ সালের যুদ্ধের পর দক্ষিণ লেবানন পুনর্গঠনে সহায়তা করেছিল। কিন্তু ইরানের সমর্থনে হিজবুল্লাহ শক্তিশালী হয়ে ওঠার পর দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন