সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:২৬ পিএম
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ইরানে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সে হিসাবে প্রতি মাসে গড়ে ১১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা গত বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এএফপি'র বরাতে এ খবর জানা গেছে।
মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, গত সপ্তাহেই দেশটিতে অন্তত ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দিনে গড়ে ৯ জনেরও বেশি।
সংস্থাটি ২০০৮ সাল থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হিসাব রাখছে। গত বছর রেকর্ড ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু চলতি বছরের মাত্র ৯ মাসের মধ্যেই এই সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
মানবাধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর করার হার ব্যাপক হারে বেড়েছে, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লব এবং ১৯৮০-৯০ এর দশকে ইরানে ব্যাপকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। মানবাধিকারকর্মীরা বলছেন, বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাগুলো নতুন করে উদ্বেগ তৈরি করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন