অক্টোবর ১, ২০২৫, ০৭:৫১ পিএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে এখন বড় ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের আনা যুদ্ধবিরতির প্রস্তাবে বড় পরিবর্তন আসায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সন্তুষ্ট হলেও, সৌদি আরবসহ আরব বিশ্বের দেশগুলো ক্ষুব্ধ হয়েছে।
বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর জানিয়েছে, সৌদি আরব, তুরস্ক, জর্ডান এবং কাতারসহ অন্যান্য দেশগুলো এই পরিবর্তনে মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছে।এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই নাটকীয় পরিবর্তন আসে ট্রাম্প ও নেতানিয়াহুর সোমবারের বৈঠকের ঠিক আগে। এর আগের সপ্তাহে ৮ আরব ও মুসলিম দেশের নেতার সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
সেই বৈঠকে ২১ দফা নিয়ে আলোচনা হয়েছিল এবং আরব নেতারা ধারণা করেছিলেন, গাজার যুদ্ধ বন্ধের ব্যাপারে দ্রুত অগ্রগতি হবে।আরব আলোচকদের দুটি সূত্র মিডেল ইস্ট মনিটরকে জানিয়েছে, হামাসকে দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের যে খসড়া, তা আরব-মুসলিম নেতাদের সঙ্গে সমন্বয় করে তৈরি করা ট্রাম্পের খসড়ার চেয়ে এখন অনেকটাই ভিন্ন।আগে এটি ছিল একটি যৌথ প্রচেষ্টা, কিন্তু এখন এই বিষয়টি ইসরাইলের 'শান্তির
পরিবর্তে শুধুমাত্র নিজেদের নিরাপত্তার টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে—এমনটাই মনে করছেন তারা।প্রস্তাবে নেতানিয়াহু সবচেয়ে বড় যে পরিবর্তনটি এনেছেন, সেটি হলো ইসরাইলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার করার বিষয়টি। সেনা প্রত্যাহারের ক্ষেত্রে নেতানিয়াহু কিছু শর্ত জুড়ে দিয়েছেন, যার ফলে প্রত্যাহারের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি। এই শর্তগুলো আরব বিশ্বের কাছে গ্রহণযোগ্য নয় বলেই মনে হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন