অক্টোবর ১১, ২০২৫, ১০:৫৩ এএম
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একটি পুরো ভবন ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত এবং অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকালে ন্যাশভিল শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ নামক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, কয়েক মাইল দূর পর্যন্ত এর শব্দ শোনা যায় এবং আশেপাশের বাড়িঘর কেঁপে ওঠে।
হামফ্রেস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস ঘটনাস্থলকে তার কর্মজীবনের ‘সবচেয়ে ভয়াবহ দৃশ্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “বিস্ফোরণে একটি পুরো ভবন উড়ে গেছে। বর্ণনা করার মতো কিছুই আর অবশিষ্ট নেই।”দুর্ঘটনার পর প্রাথমিকভাবে কারখানার ভেতরে ক্রমাগত ছোট ছোট বিস্ফোরণ হতে থাকায় উদ্ধারকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধারকাজ শুরু হয়।
ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF), হোমল্যান্ড সিকিউরিটি এবং টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে।‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ মার্কিন সামরিক বাহিনীর জন্য টিএনটি এবং সি-৪ এর মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরি করে থাকে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন