অক্টোবর ১২, ২০২৫, ১০:০২ এএম
গাজা উপত্যকায় দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পর একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) মিশরে এক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান।শনিবার (১১ অক্টোবর) মিশরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো
“গাজা উপত্যকায় যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটানো এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা।”আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
তবে, এই উচ্চ পর্যায়ের সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি সরাসরি অংশ নেবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।এই সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির সুযোগে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পায়ে হেঁটে এবং বিভিন্ন যানবাহনে করে উত্তর গাজায় তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের দিকে ফিরতে শুরু করেছেন। বিশ্বনেতাদের এই বৈঠক গাজার ভবিষ্যৎ নির্ধারণে এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কতটা সফল হয়, সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন