বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সীমান্তে যুদ্ধাবস্থা, পাকিস্তান-আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষে নিহত ২১

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৩:২৯ পিএম

সীমান্তে যুদ্ধাবস্থা, পাকিস্তান-আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষে নিহত ২১

ছবি - সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চমন এবং আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্ত ক্রসিংয়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি ও ভারী অস্ত্রের ব্যবহার হয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই সংঘর্ষের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জন আফগান নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে আফগান স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। তালেবান আরও দাবি করেছে, তাদের পাল্টা হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তারা পাকিস্তানের কিছু সামরিক সরঞ্জামও জব্দ করেছে।

অন্যদিকে, পাকিস্তানি কর্তৃপক্ষ এই সংঘর্ষ শুরু করার জন্য আফগানিস্তানকে দায়ী করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আফগান বাহিনীর ‘বিনা উসকানিতে’ চালানো হামলায় তাদের ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

এই ঘটনার পর থেকে গুরুত্বপূর্ণ চমন-স্পিন বোলদাক সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে, যা দুই দেশের বাণিজ্যের অন্যতম প্রধান পথ। গত সপ্তাহের বিমান হামলার পর কাতার ও সৌদির মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমলেও, এই নতুন সংঘর্ষ দুই প্রতিবেশীর সম্পর্ককে আরও একবার খাদের কিনারে নিয়ে গেল।