অক্টোবর ১৮, ২০২৫, ০৯:১০ পিএম
পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। দেশটির মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) ঘোষণা করেছে, পাকিস্তানের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ‘এইচএস-১’ (HS-1) আগামীকাল রোববার (১৯ অক্টোবর) চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, উন্নত প্রযুক্তির এই স্যাটেলাইটটি পাকিস্তানের কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।সুপারকো জানিয়েছে, এই স্যাটেলাইটের হাইপারস্পেকট্রাল ইমেজিং প্রযুক্তি ফসলের স্বাস্থ্য, মাটির আর্দ্রতা এবং সেচ ব্যবস্থাপনার বিষয়ে অত্যন্ত নির্ভুল তথ্য সরবরাহ করতে সক্ষম।
আশা করা হচ্ছে, এর মাধ্যমে দেশটির কৃষি উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রাখবে।এছাড়াও, স্যাটেলাইটটির অত্যাধুনিক সেন্সর বন্যা পূর্বাভাস, ভূমিধস শনাক্তকরণ এবং বিশেষ করে উত্তরাঞ্চলে কারাকোরাম মহাসড়কের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় ভূ-তাত্ত্বিক ঝুঁকি মূল্যায়নে সহায়তা করবে।
এটি নগর পরিকল্পনা, সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণেও কার্যকর ভূমিকা রাখবে।এই মিশনটি পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি এবং ‘ভিশন ২০৪৭’-এর একটি অংশ, যার লক্ষ্য মহাকাশ প্রযুক্তিতে দেশটিকে শীর্ষস্থানীয়দের কাতারে নিয়ে যাওয়া।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন