অক্টোবর ২০, ২০২৫, ০৯:৪৫ পিএম
রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের বিরুদ্ধে আরও কঠোর শুল্ক আরোপের স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই সম্প্রতি আরোপিত শুল্কের জেরে ভারতের রপ্তানি খাত, বিশেষ করে পোশাক শিল্পে, ধস নেমেছে। ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এনডিটিভি সূত্রে জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং মোদি তাকে রাশিয়ান তেল ক্রয় সীমিত করার আশ্বাস দিয়েছেন।তবে, ভারত আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “যদি তারা এমনটি বলতে চায় (দাবি প্রত্যাখ্যান করতে চায়), তাহলে তারা কেবল বিশাল শুল্ক পেতেই থাকবে এবং আমি মনে করি না তারা তা করতে চায়।”
এর আগে, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই ভারত বিপুল পরিমাণে রুশ তেল কেনা শুরু করায় ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয়। এরই জেরে গত আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতের টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়িয়ে দেয়।
ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ভারত যদি রাশিয়ার তেলের আমদানি উল্লেখযোগ্যভাবে না কমায়, তবে এই উচ্চ শুল্ক কেবল বহালই থাকবে না, বরং আরও বাড়তে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন