সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া খনিজ চুক্তি সই

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১০:০৭ এএম

চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া খনিজ চুক্তি সই

ছবি - সংগৃহীত

দুর্লভ খনিজ পদার্থের বৈশ্বিক বাজারে চীনের একচেটিয়া আধিপত্য মোকাবিলায় একজোট হয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সোমবার (২০ অক্টোবর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ৮.৫ বিলিয়ন ডলারের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই চুক্তি এমন এক সময়ে এলো, যখন গত সপ্তাহে চীন কম্পিউটার চিপ, প্রতিরক্ষা সরঞ্জাম ও গাড়ি তৈরির কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৯০ শতাংশ দুর্লভ খনিজ প্রক্রিয়াজাতকরণ চীনের নিয়ন্ত্রণে, যা নিয়ে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন।

চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “কয়েক মাস আলোচনার পর এটি অবশেষে সম্ভব হয়েছে। আগামী এক বছরের মধ্যে আমাদের কাছে এই গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ার আর্থ ধাতুর যথেষ্ট মজুদ থাকবে।”অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, “এই চুক্তি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে এক নতুন স্তরে নিয়ে যাবে।”

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীনের ওপর তাদের কৌশলগত নির্ভরশীলতা কমাতে চাইছে এবং একটি বিকল্প ও নিরাপদ সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) গড়ে তোলার চেষ্টা করছে, যা আগামী দিনের ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।