সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা ছাড়া কিছু নয়’: কাতারের আমির

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৪:১৯ পিএম

গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা ছাড়া কিছু নয়’: কাতারের আমির

ছবি - সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “ইসরায়েলের গাজার বিরুদ্ধে এই যুদ্ধ কেবল গণহত্যা ছাড়া আর কিছু নয়।” তিনি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের ওপর নির্যাতন এখনও অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় দেশটির শূরা কাউন্সিলের (সংসদ) বার্ষিক উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।আমির শেখ তামিম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক যে, আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ফিলিস্তিনিদের এই ট্র্যাজেডির ক্ষেত্রে তাদের ন্যূনতম সম্মান ও মানবিক মর্যাদা বজায় রাখতে অক্ষম।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার এবং এই ‘গণহত্যার’ জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান।কাতারের আমিরের এই কঠোর মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ৮ দিন আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

গতকালও (সোমবার) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ১৫৩ টন বোমা বর্ষণের কথা স্বীকার করেছেন। কাতার এই শান্তি প্রক্রিয়ার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হওয়ায় তাদের এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল।