রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৪৯ পিএম

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। নতুন এই সুপারিশ অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে এবং একই বছরের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে নতুন পে-স্কেল কার্যকর করার কথা বলা হয়েছে। 

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে যে আগামী ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। এরপরই এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। 

এবারের বেতন কাঠামোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নিচের দিকের গ্রেডগুলোতে বেতন ও ভাতার হার তুলনামূলকভাবে অনেক বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। 

বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা যা নতুন প্রস্তাবে দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপের বর্তমান ৭৮ হাজার টাকা বেতন বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার উপরে করার প্রস্তাব দেওয়া হয়েছে। বেতন বৈষম্য কমাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করেছে কমিশন। নতুন এই বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের লক্ষ্যে চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

তবে কমিশন হিসাব করে দেখেছে যে এই কাঠামো পুরোপুরি কার্যকর করতে সরকারের বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। গত বছরের জুলাই মাসে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের এই কমিশন নির্ধারিত ছয় মাস সময়ের মধ্যেই তাদের কাজ শেষ করেছে। এই ঘোষণার ফলে সরকারি দপ্তরের লাখ লাখ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হওয়ার আশা দেখা দিয়েছে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।