রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাইমারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ০২:০৯ পিএম

প্রাইমারি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে তা নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরণের তথ্য ঘুরপাক খাচ্ছে। অনেকে ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ দাবি করছেন আবার কেউ কেউ পরীক্ষা বাতিলের আশঙ্কাও প্রকাশ করছেন। তবে এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

তারা স্পষ্ট করে জানিয়েছে যে ফল বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে সামছুল আহসান জানিয়েছেন যে ফলাফল প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে নির্বাচন কমিশন বা সরকার থেকে আলাদা করে কোনো নতুন নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। 

তিনি আরও জানান যে বিভিন্ন মাধ্যমে ২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের যে দাবি করা হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট ভিত্তি নেই। অধিদপ্তরের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে বুয়েটের বিশেষজ্ঞ টিম উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ করেছে এবং ফলাফল প্রস্তুতের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।এখানে বলে রাখা ভালো যে গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে অংশ নিয়েছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। 

এত বিশাল সংখ্যক পরীক্ষার্থীর খাতা যাচাই-বাছাই করা একটি সময়সাপেক্ষ বিষয়। তবে অধিদপ্তর বলছে কারিগরি এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই যেকোনো সময় ফল প্রকাশ করা হবে। প্রশ্নফাঁসের যে গুঞ্জন উঠেছিল সে বিষয়েও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

অন্যদিকে পরীক্ষা চলাকালীন জালিয়াতি বা ডিভাইস ব্যবহারের অভিযোগে যে ২০৭ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে দিনাজপুর এবং নওগাঁ জেলা থেকে ১৮ জন করে এবং গাইবান্ধা থেকে সর্বোচ্চ ৫৩ জনকে আটক করা হয়েছিল। তবে বিচ্ছিন্ন এসব জালিয়াতির কারণে পুরো পরীক্ষা বাতিল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ফল প্রস্তুত হওয়ার সাথে সাথেই তা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। তাই চাকরিপ্রার্থীদের কেবল অফিশিয়াল নোটিশের ওপর ভরসা করার পরামর্শ দেওয়া হচ্ছে।