সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
প্লট দুর্নীতি মামলা

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষ, আত্মপক্ষ সমর্থন ১৭ নভেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৭:০৯ পিএম

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শেষ, আত্মপক্ষ সমর্থন ১৭ নভেম্বর

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। একই সঙ্গে এই মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৭ নভেম্বর তারিখ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এই দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা গেছে, ওই দিন আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগ দেওয়া হবে।

এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পৃথক দুটি মামলায় বর্তমানে তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত রয়েছে।

আগামী ১৭ নভেম্বরই আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী মো. শাহিনুর ইসলাম তাকে জেরা করবেন বলে জানানো হয়েছে।এর আগে গত ৩১ জুলাই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পরিবারের পৃথক ছয়টি মামলায় আদালত অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এসব মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক ছয়টি মামলা দায়ের করে দুদক।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগ অনুযায়ী, তারা প্লট বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। এই মামলাগুলোর বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।