নভেম্বর ১৪, ২০২৫, ০৫:৩৬ পিএম
রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে নৃশংস হামলায় তার ছেলে নিহত এবং স্ত্রী আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঠানো এক শোক বার্তায় প্রধান বিচারপতি এই ঘটনার নিন্দা জানান।
বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এই আক্রমণকে তিনি নিন্দনীয় অমানবিক এবং গভীরভাবে বেদনাদায়ক বলে মন্তব্য করেন যা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দিয়েছে।
প্রধান বিচারপতি তার বার্তায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং হামলায় আহত বিচারকের স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন বিচার বিভাগের সদস্যরা যে চরম নিরাপত্তাহীনতা ও ঝুঁকির মধ্যে রয়েছেন এই ঘটনাই তার প্রমাণ। প্রধান বিচারপতির শোকবার্তায় আরও উল্লেখ করা হয় যে সুপ্রিম কোর্ট এই নৃশংস ঘটনা সংশ্লিষ্ট সব অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে দ্রুততার সঙ্গে একটি যথাযথ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পাদনের জন্য তিনি সংশ্লিষ্ট সবার যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছেন।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হোক এবং দোষীদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই বিচার বিভাগের প্রত্যাশা। উল্লেখ্য বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলেই নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। এই ঘটনার পর দেশের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন