সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০২:৪০ পিএম

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীপক্ষের জবানবন্দি গ্রহণ ও পর্যালোচনা শেষে এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, মামলাটির অভিযোগ পর্যালোচনা করে আদালত দেখেছেন যে এটি ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এর আওতায় পড়ে না। আইনগত এখতিয়ারবহির্ভূত হওয়ায় আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।

মামলার প্রেক্ষাপট: এর আগে গতকাল বুধবার (১৯ নভেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

অভিযোগে বলা হয়, গত ১২ নভেম্বর এক ভার্চুয়াল সমাবেশে তারেক রহমান মন্তব্য করেছিলেন, "বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।"

এই বক্তব্যের রেশ ধরে গত ১৫ নভেম্বর শাহিন মাহমুদ নামের এক ব্যক্তি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, "৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।"

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, আসামির দাবি করা ৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ির তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হয়েছে এবং তার দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করার হীন চেষ্টা চালানো হয়েছে। বাদী এই কর্মকাণ্ডকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৩ (২), ২৫(১), ২৭ (১) ও ২৭ (২) ধারায় অপরাধ হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে আদালত আজ আবেদনটি আইনগত ভিত্তি না থাকায় খারিজ করে দেন।