সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অতিরিক্ত সংস্কারে রাষ্ট্র কাঠামো দুর্বল না হয়‍‍`: আইন উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ১১:৫০ এএম

অতিরিক্ত সংস্কারে রাষ্ট্র কাঠামো দুর্বল না হয়‍‍`: আইন উপদেষ্টা

অতিরিক্ত সংস্কার করতে গিয়ে যেন রাষ্ট্র কাঠামো দুর্বল না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, "অতিরিক্ত সংস্কার করতে গিয়ে আমরা রাষ্ট্র কাঠামো দুর্বল করে ফেলি কি না, সেটি আমাদের দেখতে হবে।

যেকোনো প্রক্রিয়া বাস্তবায়ন করতে গেলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয়।"সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, "আমাদের অবশ্যই সংস্কারের চিন্তা থাকতে হবে। তবে তা আরও বাস্তব চিন্তার আলোকে হওয়া প্রয়োজন।" তিনি জানান, আইন মন্ত্রণালয় ২১টি জায়গায় সংস্কার করেছে। তবে এসব উদ্যোগ চলমান না থাকলে ম্লান হয়ে যাবে। তিনি আশা করেন, নতুন সরকার আসলেও যেন এসব উদ্যোগ ধারাবাহিকতা বজায় রেখে চলমান থাকে। তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই এতে যুক্ত না হলে এই সংস্কারগুলো টিকবে না।

উপদেষ্টা জানান, বাংলাদেশে যত পরিবর্তন বা সংস্কার হয়েছে, তা আইনের মাধ্যমেই হয়েছে। ই-পারিবারিক আদালত চালুর মাধ্যমে পারিবারিক বিরোধের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা, এবং কাগজের নথি ব্যবস্থাপনার মতো পুরনো সমস্যাগুলোর সমাধান হবে।

নতুন এই সেবার মাধ্যমে মামলার ক্ষেত্রে:

দ্রুত অনলাইন প্রক্রিয়া

ন্যূনতম খরচ

ঘরে বসে সেবা গ্রহণ

ডিজিটাল নথি

সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন

অনলাইন শিডিউলিংয়ের সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও, লিগ্যাল এইডের মাধ্যমে বিনা মূল্যে সেবা নেওয়া যায় এবং এ প্রক্রিয়ায় একজন বিচারকের পরিবর্তে তিনজন বিচারককে যুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।