সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ১১:০১ এএম

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

আজ সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা। এর আগে বিচারের জন্য মামলাটি এই আদালতে বদলি করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ বদলি করা হয়েছে।

সোমবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন।অভিযোগ: এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশে দেশবিরোধী বক্তব্য দেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন।

তদন্ত: গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করা হয়। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক।গত ১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।