সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গুমের দুই মামলায় হাসিনার পক্ষের আইনজীবী আমীর হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:০৭ পিএম

গুমের দুই মামলায় হাসিনার পক্ষের আইনজীবী আমীর হোসেন

গুম-নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে (স্টেট ডিফেন্স) নিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমীর হোসেনকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

এর আগে, গত ২৩ নভেম্বর এই মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

তলব ও ক্ষমা: নিয়োগ পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলায় লড়বেন না বলে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকেন। নিয়ম লঙ্ঘন করায় ট্রাইব্যুনাল তাকে তলব করে। তলবের পরিপ্রেক্ষিতে, বুধবার তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।আদালতের মন্তব্য: আদালত পান্নার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আপনার মতো সিনিয়র আইনজীবীর কাছে এমনটি প্রত্যাশা না। গুরুত্বপূর্ণ মামলা হিসেবে আপনি কাজটি ঠিক করেননি।" এরপর আদালত আইনজীবী আমীর হোসেনকে এ মামলায় নিয়োগ দেন।

টিএফআই সেলের মামলা: টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামি। এদের মধ্যে সাবেক সামরিক ও র্যা ব কর্মকর্তা-সহ ১০ জন গ্রেফতার আছেন। এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ সাত আসামি পলাতক।

জেআইসি সেলের মামলা: জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় আরেকটি মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলায়ও শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ ১০ আসামি পলাতক।