সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গুমের মামলায় ট্রাইব্যুনালে ৩ সেনা কর্মকর্তা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৫৯ এএম

গুমের মামলায় ট্রাইব্যুনালে ৩ সেনা কর্মকর্তা

আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনাল-১ এ আনা হয়।

এই তিন কর্মকর্তা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আজ স্টেট ডিফেন্স এবং আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করবেন।

এর আগে, গত ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মোট পাঁচটি অভিযোগ এনে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ) আবেদন জানান। শুনানিতে তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেআইসি সেলে ২৬ জন ভুক্তভোগীর ওপর চালানো পৈশাচিক নির্যাতনের বিস্তারিত বর্ণনা আদালতের সামনে তুলে ধরেন।এই মামলার মোট ১৩ জন আসামির মধ্যে প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বাকি দশজন আসামি বর্তমানে পলাতক আছেন।

আদালতের নির্দেশে পলাতক আসামিদের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান আসামি শেখ হাসিনার আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই তিন সেনা কর্মকর্তাকে গত ২২ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। আজ তাদের উপস্থিতিতেই ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে।