সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:১৬ পিএম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।

এ সময় কবিরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে পেতে আবেদন করেন ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। রাষ্ট্রপক্ষ থেকে সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন রিমান্ডের জোর দাবি জানান।

রিমান্ড শুনানির সময় বিচারক আসামি কবিরের বক্তব্য জানতে চান। তখন আসামি কবির বলেন:ফয়সালের সাথে আমার যোগযোগ ছিল সত্য।

কিন্তু আমি এ ঘটনার কিছুই জানি না। আমার আইডি কার্ড ব্যবহার করে মোটরসাইকেলটি কেনে। তবে অনেক আগে এ মোটরসাইকেল কেনা হয়। আমি নির্দোষ।শুনানি শেষে আদালত কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে র‌্যাব কবিরকে গ্রেপ্তার করে। একই দিনে মামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে পাঁচ দিনের রিমান্ডে পায় পুলিশ।

এরও আগে, গত ১৪ ডিসেম্বর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় তাঁর পরিবারের সম্মতি নিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন। বর্তমানে গুরুতর আহত হাদি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।