রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:১৯ পিএম

মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নান জামিন পেয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

তদন্তে দেখা গেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের সাথে হান্নানের মালিকানাধীন মোটরসাইকেলের কোনো মিল নেই।

আদালত ও মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করার পর ১৩ ডিসেম্বর আব্দুল হান্নানকে সন্দেহভাজন হিসেবে আটক করে র‍্যাব-২।

পরবর্তীতে তাকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয় এবং ১৪ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।রিমান্ড চলাকালীন তদন্তকারী কর্মকর্তারা জানতে পারেন যে, বিআরটিএ-তে হান্নানের নামে দুটি মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে—একটি সুজুকি জিক্সার এবং একটি ইয়ামাহা। অন্যদিকে, হাদি হত্যাকাণ্ডে দুষ্কৃতিকারীরা ব্যবহার করেছিল 'হোন্ডা' ব্র্যান্ডের 'হর্নেট' মডেলের একটি মোটরসাইকেল। এছাড়া হান্নানের সুজুকি জিক্সার বাইকের নম্বর (ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫) ছিল হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইকের নম্বরের চেয়ে এক সংখ্যা আলাদা। মূলত সিসিটিভি ফুটেজে শনাক্ত করা নম্বরের শেষের সংখ্যার ভুলের কারণে হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল।

রিমান্ড শেষে গত ১৭ ডিসেম্বর হান্নানকে কারাগারে পাঠানো হয়েছিল। আজ শুনানিতে তার আইনজীবীরা নির্দোষ প্রমাণের সপক্ষে যুক্তি তুলে ধরলে আদালত তার জামিন মঞ্জুর করেন।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টনে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হলেও গত ১৮ ডিসেম্বর তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর মামলাটি বর্তমানে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।