রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হাদিকে হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:২০ পিএম

হাদিকে হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এই আদেশ প্রদান করেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে একটি আবেদন দাখিল করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদ বা গুপ্তচরের মাধ্যমে জানা গেছে যে, এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ যেকোনো সময়ে অবৈধভাবে বা ছদ্মবেশে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তার স্থল, নৌ ও বিমান বন্দরের ইমিগ্রেশন সম্পন্ন করে দেশত্যাগ ঠেকানো প্রয়োজন। আবেদনের গুরুত্ব বিবেচনা করে আদালত তা মঞ্জুর করেন।আদালতের এই আদেশের ফলে এখন থেকে দেশের কোনো সীমান্ত বা বন্দর দিয়ে ফয়সাল করিম মাসুদ বৈধভাবে দেশ ছাড়তে পারবেন না। ইমিগ্রেশন পুলিশকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে হাদিকে গুলি করার ঘটনায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। পরবর্তীতে হাদির মৃত্যুতে মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা মামলা) যুক্ত করা হয়। এ পর্যন্ত এই মামলায় ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তবে মূল ঘাতক ফয়সাল এখনও পলাতক।