রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:৪৯ এএম

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ সোমবার (২২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম পরিচালিত হবে।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ আজ আসামিদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করবে। তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় কারফিউ জারি করে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যায় উসকানি দেওয়া এবং মানবতাবিরোধী অপরাধের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষের শুনানির পর আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন।

এর আগে গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছিল। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশত্যাগের চেষ্টাকালে ১৩ আগস্ট সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন। আজ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।