শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০১:৫৮ পিএম

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মহাখালী এলাকায় কারখানাকর্মী মো. শাহজাহানকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।দীর্ঘদিন ধরে কারাগারে থাকা এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন কারখানার কর্মী মো. শাহজাহান। ওই সময় আন্দোলন লক্ষ্য করে চালানো গুলিতে তিনি গুরুতর আহত হন। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২২ জুলাই তার মৃত্যু হয়। এই ঘটনার পর গত বছরের ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ২৫ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত কাজী জাফর উল্যাহকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেই আবেদনের ওপর শুনানির জন্য আজকের (৫ জানুয়ারি) দিন ধার্য করেছিলেন। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে ডিবি পুলিশ জাফর উল্যাহকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এই মামলাটিরও নিবিড় তদন্ত চলছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।