শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিএনপির গুলশান কার্যালয় থেকে গ্রেপ্তার যুবক রিমান্ডে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৬:১১ পিএম

বিএনপির গুলশান কার্যালয় থেকে গ্রেপ্তার যুবক রিমান্ডে

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া যুবক ইনামে হামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

এদিন গুলশান থানার প্রতারণা ও জাল-জালিয়াতির মামলায় হামীমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ সাইফুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামি নিজের ছবি ব্যবহার করে তিনটি ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামীম জানিয়েছেন, তিনি প্রতারণা ও ধর্তব্য অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। পুলিশের ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারতেন।

গত রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপি কার্যালয়ের সামনে হামীমকে ঘোরাফেরা করতে দেখে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাঁর দেহ তল্লাশি করে তিনটি জাতীয় পরিচয়পত্র এবং ৫টি বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করে। এরপর তাঁর বিরুদ্ধে গুলশান থানায় জালিয়াতির মামলা করা হয়।

পুলিশের রিমান্ড চলাকালীন এই যুবকের আসল পরিচয় এবং তাঁর পেছনে কোনো শক্তিশালী চক্র বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।