রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

প্রথম আলোতে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৬:৩৬ পিএম

প্রথম আলোতে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার আট আসামিকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. নাইম ইসলাম, মো. সাইদুর রহমান, আবুল কাশেম, মো. প্রান্ত সিকদার, মো. রাজু আহম্মেদ, মো. সাগর ইসলাম, মো. জাহাঙ্গীর ও মো. হাসান। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন যে বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে আসামি নাইম ইসলামের কাছ থেকে লুট করা নগদ ৫০ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে কেনা একটি ফ্রিজ ও এলইডি টিভি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিরা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে লোক জড়ো করার কাজে লিপ্ত ছিলেন। ঘটনার মূল মদদদাতা চিহ্নিত করা এবং বাকি লুুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতকে জানায় পুলিশ।

গত ১৮ ডিসেম্বর রাতে প্রায় ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। মামলার এজাহার অনুযায়ী দুষ্কৃতকারীরা ভবনের কাচ ও শাঁটার ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, নথিপত্র এবং প্রায় দেড় শত কম্পিউটার ও ল্যাপটপ লুট করে নিয়ে যায়। তারা ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নষ্ট করে দেয় এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে তথ্য-প্রমাণ নষ্টের চেষ্টা চালায়।

এই হামলায় কেবল লুট করা সম্পদের মূল্যই ২ কোটি ৫০ লাখ টাকা এবং সব মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। প্রথম আলোর হেড সিকিউরিটি অফিসার মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। বর্তমানে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত রয়েছে।