রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৩:৪৯ পিএম

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত বর্তমান সীমানা অনুযায়ী এই আসনটির কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা থাকল না।

রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী।

হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে ইসির করা আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত দেন।গত ৮ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে ইসির দেওয়া গেজেটকে অবৈধ ঘোষণা করেছিলেন।

একই সাথে ২৪ ঘণ্টার মধ্যে সীমানা আগের অবস্থায় ফিরিয়ে এনে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের সেই রায়টিই আজ স্থগিত করলেন চেম্বার আদালত।মূলত মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে আগে কুমিল্লা-২ আসন গঠিত ছিল। পরে ইসি সীমানা পুনর্নির্ধারণ করে মেঘনা উপজেলাকে সরিয়ে কুমিল্লা-১ আসনে যুক্ত করে এবং হোমনা উপজেলাকে কুমিল্লা-২ আসনের অন্তর্ভুক্ত করে। বর্তমানে কুমিল্লা-২ আসনটি হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত।

এই পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম। গত বছরের ২৪ সেপ্টেম্বর এ বিষয়ে রুল জারি করেছিলেন আদালত, যা গত সপ্তাহে চূড়ান্ত শুনানির পর অবৈধ ঘোষণা করা হয়েছিল।চেম্বার আদালতের আজকের আদেশের ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত বর্তমান প্রশাসনিক সীমানা অনুযায়ীই কুমিল্লা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি লড়াইয়ের এই পর্যায়ে কমিশনের সিদ্ধান্তই শেষ পর্যন্ত বহাল থাকল।