রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হাসিনা কামালসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০২:১৭ পিএম

হাসিনা কামালসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’তে তথাকথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে বর্বরোচিতভাবে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামসহ মোট ছয়জন। 

মামলার অন্য দুই আসামি সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকায় তাদের বিরুদ্ধে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ বা হাজিরা পরোয়ানা জারি করা হয়েছে।এদিন প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। তিনি শুনানিতে উল্লেখ করেন যে, ২০১৬ সালের ২৫ জুলাই ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে পরিচালিত অভিযানে ৯ তরুণকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যা প্রকৃতপক্ষে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সাজানো একটি হত্যাকাণ্ড ছিল। 

শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই গভীর রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বড় ধরনের অভিযান চালায়। ওই সময় পুলিশ দাবি করেছিল, নিহত ৯ জনই দুর্ধর্ষ জঙ্গি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ও ‘সাজানো নাটক’ হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।