রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আশুলিয়া হত্যাকাণ্ড: ৮ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:২৪ পিএম

আশুলিয়া হত্যাকাণ্ড: ৮ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

সাভারের আশুলিয়ায় চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনের লাশ পুড়িয়ে দেওয়া ও গণহত্যার মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হবে। রায় উপলক্ষে কারাগারে থাকা ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীসহ আট আসামিকে আজ বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়। 

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার রায় ঘোষণা করবেন। এ মামলায় মোট ১৬ জন আসামির মধ্যে আটজন পলাতক থাকলেও বাকি আটজন যারা সরাসরি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা বর্তমানে আদালতের হেফাজতে রয়েছেন।

মামলার নথিপত্রে উল্লেখ করা হয়েছে যে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন এবং এসআই শেখ আবজালুল হকসহ আটজন পুলিশ সদস্য। 

অন্যদিকে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ আট আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রসিকিউশন পক্ষ এই মামলায় মোট ৫৩ জনকে সাক্ষী করেছিল যার মধ্যে তদন্ত কর্মকর্তাসহ ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন শহীদ আস সাবুরের ভাই ও শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা। 

২২ কার্যদিবস ধরে চলা এই বিচারিক কার্যক্রম শেষে আজ জাতির সামনে সেই লোমহর্ষক ঘটনার ন্যায়বিচার আসার কথা রয়েছে। আদালতের বাইরে এবং ভেতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।