রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ১২:৪৪ পিএম

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

আদালত প্রাঙ্গণে পলক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক হোসেন হত্যা মামলার শুনানি করতে আদালতে আনার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন বলে অভিযোগ করেন। 

এর ফলে আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ মে দিন ধার্য করেছে আদালত।ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত এই আদেশ দেন। এদিন সকালে কড়া নিরাপত্তায় জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়। 

আসামি পক্ষ থেকে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এর আগে শুনানি চলাকালীন কাঠগড়ায় দাঁড়িয়েই পলক অসুস্থতা বোধ করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আদালত থেকে নামানোর সময় জুনাইদ আহমেদ পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির কাছে অভিযোগ করেন যে, তাকে বহনকারী প্রিজনভ্যানটি দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিষয়টি আদালতের নজরে আনতে এবং প্রয়োজনীয় আবেদন করতে তিনি তার আইনজীবীকে নির্দেশনা দেন। তবে দুর্ঘটনার বিষয়ে কারা কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। তিনি গাবতলীতে তার ট্রাক রেখে বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়। বর্তমান সরকারের আমলে এই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আজ পলকের আহত হওয়ার খবরটি আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তার আইনজীবীরা জানিয়েছেন, তারা পলকের সুচিকিৎসার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।