মে ১৩, ২০২৬, ১১:১২ এএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ কার্যবর্ষের নির্বাচন শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই ভোটগ্রহণ বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে শুরু হয়, যা চলবে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টা পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি থাকবে।
এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার হিসেবে থাকছে কিউআর কোডযুক্ত ব্যালট পেপার, ডিজিটাল ভোটার ভেরিফিকেশন ব্যবস্থা এবং ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনা। তবে প্রার্থীদের ব্যাপক প্রচারণা ও পদচারণায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সরগরম থাকলেও সাধারণ আইনজীবীদের একটি অংশের মধ্যে নির্বাচন নিয়ে কিছুটা অনাগ্রহ লক্ষ্য করা গেছে।
নির্বাচনে মূলত তিনটি প্রধান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল, জামায়াত সমর্থিত সবুজ প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল। উচ্চ আদালতের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল ছাড়াই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে প্রার্থীরা লড়ছেন। নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে খোকন জানান, তিনি সব সময় আইনজীবীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।অন্যদিকে, জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন এবং সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার লড়ছেন। এই প্যানেলের প্রার্থীরা জানিয়েছেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তাঁরা পূর্ণ প্যানেলে জয়ী হবেন।
এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেলের পক্ষে সম্পাদক পদে লড়ছেন আজমল হোসেন বাচ্চু। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতির সঠিক প্রয়োগের ওপর জোর দিয়েছেন।এ ছাড়া সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খানসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে এই ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। এর আগে গত ২৮ এপ্রিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এবং গত সোমবার প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার মাধ্যমে নির্ধারিত হবে আগামী এক বছরের জন্য আইনজীবীদের শীর্ষ এই সংগঠনের নেতৃত্ব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন