রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

স্ত্রীকে হত্যার দায়ে ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০৩:০২ পিএম

স্ত্রীকে হত্যার দায়ে ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে স্বামী মো. রেজাউল করিম মাদবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মাসুদ আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।মামলার নথিপত্র ও এজাহার সূত্রে জানা যায়, আট বছরের মেয়েকে নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় বসবাস করতেন রেজাউল ও তার স্ত্রী সিমা আক্তার। 

সিমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করলেও তার স্বামী রেজাউল ছিলেন সম্পূর্ণ বেকার। স্বামী কোনো কাজ না করায় কাজের কথা বললেই সিমাকে শারীরিক নির্যাতন করতেন তিনি। এর জেরে ২০১৬ সালের ২৪ এপ্রিল ভোরে কথা কাটাকাটির একপর্যায়ে সিমাকে মাথায় আঘাত ও গলাকেটে নির্মমভাবে হত্যা করেন রেজাউল।

ঘটনার পরপরই পালানোর সময় বাড়ির মালিক ও স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।এই মর্মান্তিক ঘটনার পর নিহতের বাবা জাহিদুল ইসলাম আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে রেজাউল হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। 

তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালত হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে দণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন; তবে পলাতক আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর আগামী ৭ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।