মে ২১, ২০২৬, ০৩:৫৭ পিএম
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।
এর আগে গত বছর ২২ জুন ডিবি পুলিশ তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করেছিল।বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন এবং এই নতুন মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হলো।
মামলার বিবরণে জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিসের সামনে কাপড় ব্যবসায়ী ও তার শ্যালকের ওপর ছাত্রলীগ-যুবলীগসহ দলীয় নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় গুলি ও টিয়ারশেলের আঘাতে তারা মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে এক ভুক্তভোগীর দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে গেছে।
তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, তৎকালীন এমপি তুহিনের সরাসরি প্ররোচনা ও সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।আদালতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তারের সপক্ষে যুক্তি তুলে ধরলে এবং আসামিপক্ষ জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
আশুলিয়া ও মিরপুরের মতো সাম্প্রতিক মামলাগুলো প্রমাণ করে যে রাজনৈতিক সহিংসতার বিচারের ক্ষেত্রে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব ঘটনার প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসাই এখন পুলিশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন