বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ২ জন আটক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০১:৩৬ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ২ জন আটক

রাজধানীর মৌচাক এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন রিয়াজ ও আল আমিন। তাদের মধ্যে একজনকে ঢাকা থেকে এবং অন্যজনকে মুন্সিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে।

উল্লেখ্য, সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে আনারকলি সুপার মার্কেটের পার্কিংয়ের ভেতর বিল্লাল হোসেনকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত বিল্লাল পেশায় সিমেন্ট ও বালু ব্যবসায়ী ছিলেন এবং তিনি মগবাজার এলাকায় দুই পরিবারের সাথে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে আটক দুজনের নাম প্রকাশ করা হলেও, হত্যাকাণ্ডের পেছনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ। ডিসি শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

স্বেচ্ছাসেবক দল নেতার এই হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিল্লালের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।