রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

টোল আদায়ে অনিয়ম শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৯:২৭ পিএম

টোল আদায়ে অনিয়ম শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রের শত কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর এ তারিখ ধার্য করেন। 

নির্ধারিত সময়ে দুর্নীতি দমন কমিশন প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এই নতুন দিন ঠিক করেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হক এবং সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ একাধিক অতিরিক্ত ও উপ-সচিব এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেডকে একক উৎসভিত্তিক দরপত্র পদ্ধতিতে এই সেতুর টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। পূর্বে চলমান বৈধ টেন্ডার প্রক্রিয়া বাতিল করে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতামূলক আলোচনা ছাড়াই এই চুক্তি সম্পাদন করা হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই প্রতিষ্ঠানকে নির্দিষ্ট অর্থমূল্যের পরিবর্তে মোট টোল আদায়ের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়, যার ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৮9 কোটি টাকার বিল গ্রহণ করে। তুলনামূলক অন্যান্য মেয়াদের ব্যয়ের ভিত্তিতে দুদকের দাবি, এই একক উৎসভিত্তিক চুক্তির কারণে রাষ্ট্রের প্রায় ৩০৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই অভিযোগে গত বছরের ১২ অক্টোবরে দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করে দুদক।