রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৬:১০ পিএম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল

রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো-সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ৮ জুলাই নির্ধারণ করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানির এই নতুন তারিখ ধার্য করেন। মামলার মূল নথি না থাকায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২ জুলাই বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম এই মামলায় সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেছিলেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, আগামী ৮ জুলাই ভার্চুয়ালি এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মহাখালী সেতু ভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় মামলাটি দায়ের হয়। উজ্জ্বল মিয়া নামের এক ব্যক্তি বনানী থানায় এই মামলা করেন, যেখানে ২৫ থেকে ৩০ জন আহত হওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে করা ৮টি মামলার সবগুলোতে জামিন পেলেও, নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের কারণে তিনি কারামুক্ত হতে পারছেন না। গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে আছেন।