জুলাই ১৯, ২০২৬, ১১:৪৭ এএম
২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।রোববার সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত সংস্থা ইতোমধ্যেই প্রতিবেদনটি জমা দিয়েছে এবং বর্তমানে তা পর্যালোচনার কাজ চলছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরও জানান, মামলাটির তদন্তে এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, তবে তদন্ত চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
প্রতিবেদনে উল্লিখিত আসামিদের মধ্যে একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বেসরকারি টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, লেখক শাহরিয়ার কবীর, তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান এবং ডিএমপি কমিশনার রয়েছেন।
ইতিমধ্যে শাপলা চত্বরের ঘটনার অগ্রগতি জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে উপস্থিত হয়েছেন। রোববার সকালে অনুষ্ঠিত এই সাক্ষাতে মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ সমাবেশ করেছিল। ওই দিন গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে চত্বরটি খালি করা হয়, যেখানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগ রয়েছে এবং বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন