সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:৫৯ পিএম
সংগীত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘পি টিউন স্টুডিও’-এর স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে নরসিংদী আদালতে দায়ের করা প্রতারণা, অর্থ আত্মসাৎ ও কপিরাইট লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। ‘বিডি ২৯ মাল্টিমিডিয়া’-এর স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন আকাশের দায়ের করা সি.আর. ১৪১০/২০২৬ নম্বরের মামলাটি বর্তমানে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
পরাগ বিশ্বাস জানিয়েছেন, আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তার ব্যবসায়িক সুনাম নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ একতরফা এবং প্রকাশের আগে তার কোনো বক্তব্য গ্রহণ করা হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। দুই প্রতিষ্ঠানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের বিস্তারিত তুলে ধরে পরাগ বিশ্বাস জানান, ২০২২ সালের ২০ ডিসেম্বর উভয় পক্ষের স্বাক্ষরিত একটি ডিজিটাল সংগীত বিতরণ চুক্তির মাধ্যমে তাদের কার্যক্রম শুরু হয়।
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতি মাসের হিসাব-বিবরণী ও প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে, যার যাবতীয় ব্যাংক লেনদেনের রেকর্ড ও ইনভয়েস তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি আরও জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে বাদী তার সম্পূর্ণ গানের ক্যাটালগের নিয়ন্ত্রণ বুঝে নেন। গত ২৪ আগস্ট আইনি নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তার আইনজীবী অ্যাডভোকেট মো. আহসান আলীর মাধ্যমে দলিলভিত্তিক জবাব রেজিস্ট্রি ডাক ও ইমেইলে পাঠানো হয়েছে।
বাদীর বিরুদ্ধে পাল্টা বিশ্বাসভঙ্গ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন পরাগ বিশ্বাস। তার ভাষ্যমতে, জসিম উদ্দিন তার প্রযোজিত একটি চলচ্চিত্রে মূল চরিত্রের প্রলোভন দেখিয়ে পরে পার্শ্বচরিত্রে অভিনয় করান এবং সঠিক পারিশ্রমিক না দেওয়ায় ২০২৩ সালের ২৭ জানুয়ারি তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপর থেকেই তাকে ও তার পরিবারকে ক্ষতিসাধনের ভয় দেখানো হয় এবং জোরপূর্বক ২৫০ ডলারের সমপরিমাণ অর্থ আদায় করা হয় বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি তার স্টুডিওর সঙ্গে যাতে অন্য শিল্পীরা কাজ করতে না পারেন, সে জন্য কয়েকজনকে জোরপূর্বক দলিলে স্বাক্ষর করানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
মামলার এজাহারে বর্ণিত ২৮ আগস্টের একটি ঘটনার মারাত্মক অসঙ্গতি তুলে ধরে পরাগ বিশ্বাস বলেন, এজাহারে দাবি করা হয়েছে যে ওই দিন বিকেল তিনটার দিকে নরসিংদীতে বাদীর বাড়িতে একটি বিরোধ নিষ্পত্তির বৈঠকে তিনি হুমকি দিয়েছেন। অথচ সরকারি ছুটির ওই দিন তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে কর্মীদের নিয়ে একটি সাপ্তাহিক সভায় উপস্থিত ছিলেন এবং দুপুর ২টা ২৯ মিনিটে কার্যালয় ত্যাগ করেন।
ওই সময়ে চুয়াডাঙ্গায় তার অবস্থানের সিসিটিভি ফুটেজ, ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড ও প্রবেশ লগ রিপোর্ট অকাট্য প্রমাণ হিসেবে সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান। ২০১৮ সালে প্রতিষ্ঠিত পি টিউন স্টুডিও দীর্ঘদিন ধরে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে সংগীত প্রযোজনা ও স্বত্ব ব্যবস্থাপনার কাজ করছে। পরাগ বিশ্বাস জানিয়েছেন, তিনি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন