সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিস্ফোরক মামলা: ফখরুল-রিজভীসহ ২২ জনকে অব্যাহতি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৪:০৮ পিএম

বিস্ফোরক মামলা: ফখরুল-রিজভীসহ ২২ জনকে অব্যাহতি

ছবি - সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানায় ২০২৩ সালে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন। তিনি জানান, পুলিশ এই মামলায় সম্প্রতি যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল, আদালত তা আমলে নিয়ে সকল আসামিকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছেন। ফলে এই মামলায় তাদের বিরুদ্ধে আর কোনো বিচারিক কার্যক্রম চলবে না।

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি-মিরপুর বিভাগের উপপরিদর্শক মো. রুহুল আমিন মোর্শেদ আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

অব্যাহতি পাওয়া অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহসভাপতি নজরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক ও শরীফ উদ্দিন জুয়েলসহ আরও অনেকে।