মে ৫, ২০২৬, ১১:৫৬ এএম
সকালে ঘুম থেকে উঠে অনেকেরই এক কাপ গরম চা বা কফি পানের অভ্যাস রয়েছে। তবে খালি পেটে এই পানীয় পানের পরিবর্তে এক গ্লাস পানি পান করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। খালি পেটে ক্যাফেইন গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বলে তারা জানিয়েছেন।
চা ও কফিতে থাকা ক্যাফেইন শরীরে সাময়িকভাবে ক্লান্তি দূর করে এবং দ্রুত উদ্দীপনা তৈরি করে। তবে এটি পেটে অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দেয়। এর ফলে গ্যাস, অম্বল, বুক জ্বালাপোড়া এবং হজমের মতো উপসর্গ দেখা দিতে পারে। নিয়মিত এই অভ্যাস চালু থাকলে গ্যাস্ট্রিক বা এসিডিটির ঝুঁকি বাড়ে।
এছাড়া খালি পেটে ক্যাফেইন শরীরে কর্টিসল হরমোনের মাত্রাও বাড়িয়ে দিতে পারে। দীর্ঘমেয়াদে যা স্ট্রেস ও ঘুমের ব্যাঘাত ঘটায়।চিকিৎসকদের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই পানি পান করা শরীরের জন্য অত্যন্ত উপকারী। রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হয়।
পানি তা দ্রুত পূরণে সাহায্য করে। এটি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি হজম প্রক্রিয়া সক্রিয় করে। অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও এটি ভূমিকা রাখে।সকালে পানি পান করলে মেটাবলিজম সক্রিয় হয় এবং সারাদিনের কার্যক্ষমতা বাড়ে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেন।
চা বা কফি সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই। চিকিৎসকরা এটি পানের সঠিক সময় জানিয়েছেন। সকালে পানি পান করার অন্তত ২০ থেকে ৩০ মিনিট পর এবং হালকা কিছু খাবার খাওয়ার পর চা বা কফি পান করা উচিত। এতে ক্যাফেইনের নেতিবাচক প্রভাব কমে যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন