বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ওজন নিয়ন্ত্রণে ডায়েট থেকে যে ৭ খাবার বাদ দেবেন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ১০:৫২ এএম

ওজন নিয়ন্ত্রণে ডায়েট থেকে যে ৭ খাবার বাদ দেবেন

Ai - ছবি

ওজন কমানোর জন্য সবসময় কঠোর ডায়েট বা পছন্দের খাবার পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা এবং অতিরিক্ত ক্যালরি গ্রহণ কমানোই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। নিজের ওজন কমানোর অভিজ্ঞতা থেকেই সম্প্রতি এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ সুদীক্ষা। ৮৯ কেজি থেকে ৭৫ কেজিতে ওজন কমিয়ে তিনি এই পরামর্শ দিয়েছেন।

সুদীক্ষার মতে, ওজন নিয়ন্ত্রণের সময় সাতটি পরিচিত খাবার ও পানীয় সীমিত করা উচিত। প্রথমত, কোমল পানীয় বা প্যাকেটজাত জুসের মতো চিনিযুক্ত পানীয় শরীরে দ্রুত অতিরিক্ত ক্যালরি যোগ করে। এর স্বাস্থ্যকর বিকল্প হতে পারে লেবু-পানি বা গ্রিন টি। দ্বিতীয়ত, পরিশোধিত ময়দায় তৈরি সাদা পাউরুটির পরিবর্তে হোল-হুইট বা মাল্টিগ্রেইন ব্রেড বেছে নেওয়া ভালো। তৃতীয়ত, চিপস ও প্যাকেটজাত স্ন্যাকসের বদলে ভাজা ছোলা বা বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চতুর্থত, বার্গার বা পিজ্জার মতো ফাস্টফুড এড়িয়ে ঘরে তৈরি স্যান্ডউইচ বা পনিরের র‍্যাপ বেছে নেওয়া উচিত। পঞ্চমত, আইসক্রিমের বদলে ফলের সঙ্গে গ্রিক ইয়োগার্ট বা ডার্ক চকলেট খাওয়া যেতে পারে। ষষ্ঠত, অ্যালকোহলজাতীয় পানীয়ের পরিবর্তে লেবু দেওয়া স্পার্কলিং পানি উপযোগী বিকল্প। সপ্তমত, প্রক্রিয়াজাত মাংসের পরিবর্তে ডিম, গ্রিলড চিকেন বা টোফু বেছে নেওয়া যেতে পারে।